হরমুজ থেকে ইরান নয় টোল নেব আমরা : ট্রাম্প

নিজের বেঁধে দেয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে দেশটিকে এক রাতে তছনছ করে দেয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সেটি হতে পারে কাল রাতে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটি বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, ইরান হরমুজ থেকে টোল নেবে এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন কি না।

জবাবে ট্রাম্প বলেছেন, ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না। এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে। কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন।

তিনি বলেন, “আমরা টোল নিলে বিষয়টি কেমন হবে? তাদের টোল নিতে দেব না, এর বদলে আমিই নেব। আমরা কেন টোল নেব না? আমরা বিজয়ী। আমরা (যুদ্ধে) জিতেছি।”

হরমুজ থেকে যদি যুক্তরাষ্ট্র টোল আদায় করতে চায় তাহলে দেশটির সেনাবাহিনীকে সেখানকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে।

নিজের বেঁধে দেয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে দেশটিকে এক রাতে তছনছ করে দেয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সেটি হতে পারে কাল রাতে।

গতকাল স্থানীয় সময় সোমবার তিনি এ কথা বলেন। ট্রাম্প ইরানকে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যেই চুক্তি করতে হবে বলে হুমকি দিচ্ছেন তিনি। তবে ইরান জানিয়েছে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি করবে না। যদি চুক্তি হতে হয় তাহলে হামলা স্থায়ীভাবে বন্ধ এবং তাদের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে।

ট্রাম্প গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ইরানকে গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে এবং দেশটির নেতারা আলোচনা করছেনও। কিন্তু ইরান তার এসব বক্তব্যের কিছুক্ষণ পরই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয়।

সূত্র: আল জাজিরা