মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পাম বিচে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ঐকমত্যের বড় জায়গা’ তৈরি হয়েছে।
তবে তার এ দাবিকে অস্বীকার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার এয়ার ফোর্স ওয়ানের পাশে দাঁড়িয়ে ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, (ইরানের সাথে) আলোচনা ‘খুবই কার্যকর’ হয়েছে এবং এ প্রক্রিয়ায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার যুক্ত ছিলেন।
আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘দেখা যাক আলোচনা কোন দিকে যায়।’
তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে ঐকমত্যের বড় জায়গা রয়েছে, এবং আমি বলব যে প্রায় সব বিষয়েই আমরা একমত হয়েছি।’
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘একজন শীর্ষস্থানীয় ব্যক্তির’ সাথে কথা বলছে, তবে তিনি নতুন সর্বোচ্চ নেতা নন।
এরপর তিনি আরো যোগ করেন, ‘আমরা জানি না তিনি (সর্বোচ্চ নেতা) বেঁচে আছেন কী-না।’
এদিকে, ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন, তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতার আলোচনার কথা বলেছেন, তা সঠিক নয়।’
যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে।’
দ্বিতীয় একটি পোস্টে গালিবাফ লিখেন, ইরান ‘আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি’ দাবি করে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা ‘দৃঢ়ভাবে তাদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে রয়েছেন।’
গালিবাফের পোস্টের আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালী ও যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বাগাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, ‘যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে।’
বাগাই আরো জানান, এর জবাবে ইরান ‘তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো হামলার ভয়াবহ পরিণতি’ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে।
সূত্র : বিবিসি, আলজাজিরা



