দ্বিতীয় মাসে গড়ালো ইরান যুদ্ধ, নতুন মোড়

ইরানে হামলা অব্যাহত থাকলে হস্তক্ষেপ করার হুমকি দেয়ার এক দিন পরই ইসরাইলকে লক্ষ্য করে শনিবার ক্ষেপণাস্ত্র ছুড়লো হাউছিরা।

নয়া দিগন্ত অনলাইন
প্রথমবারের মতো ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা
প্রথমবারের মতো ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা |সংগৃহীত

দ্বিতীয় মাসে গড়ালো ইরান যুদ্ধ। ফেব্রুয়ারির ২৮ তারিখ রাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মাধ্যমে এ যুদ্ধের সূচনা হয়েছিল। পরে ইরানও আত্মরক্ষায় ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে।

এক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। প্রথমবারের মতো ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীরা।

অন্যদিকে ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের একটি বিশাল বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম।

ইরানে হামলা অব্যাহত থাকলে হস্তক্ষেপ করার হুমকি দেয়ার এক দিন পরই ইসরাইলকে লক্ষ্য করে শনিবার ক্ষেপণাস্ত্র ছুড়লো হাউছিরা। তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে যে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে।

হাউছিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী।

২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করার পর বর্তমানে তারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

এদিকে, বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে গত রাতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এমন এক সময়ে এই হামলা হলো যখন দেশটি টানা চার সপ্তাহ ধরে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ এর মধ্য দিয়ে যাচ্ছে।

এছাড়া এই যুদ্ধের উত্তাপ এখন কেবল নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। ফলে বিপুল সংখ্যক পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

সৌদি আরবের রিয়াদ অভিমুখে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতির’ খবর পাওয়া গেছে।

যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ব বাজারেও। টানা চার সপ্তাহ ধরে দরপতনের শিকার হয়ে মার্কিন শেয়ার বাজারের তিনটি প্রধান সূচকই শুক্রবার নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়েছে।

জেরুসালেমে অবস্থানরত সংবাদ বিশ্লেষকদের মতে, হাউছিদের এই সরাসরি হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা আরো বাড়িয়ে দিলো।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম।

ভাসমান এয়ারবেস ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এটিকে মোতায়েন করা হবে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে। রণতরীটি ৮০টিরও বেশি বিমান বহন করতে পারে।

মার্কিন কর্মকর্তারা সিবিএসকে বলেন, রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এখন তারা ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে পারে।

দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার— ইউএসএস ডোনাল্ড কুক ও ইউএসএস ম্যাসন এ সপ্তাহে ইরানে চলমান মার্কিন অভিযানে যোগ দেয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছে।

আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রস এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে, যদিও এর গন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র : বিবিসি