ইরানের হামলায় ভেঙে পড়ছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন শুধু প্রতিরোধ নয়, বরং সরাসরি আঘাত হেনে কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। পাশাপাশি ইরানের এমন পাল্টা হামলার ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা বহুস্তর ব্যবস্থার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে।

সৈয়দ মূসা রেজা

ইরানের একের পর এক ক্ষেপনাস্ত্র হামলায় ভেঙে পড়ছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত তিনটি পৃথক প্রতিবেদনে চলমান সংঘাতকে নতুন এক পর্যায়ে পৌঁছে যাওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে।

এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন শুধু প্রতিরোধ নয়, বরং সরাসরি আঘাত হেনে কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। পাশাপাশি ইরানের এমন পাল্টা হামলার ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা বহুস্তর ব্যবস্থার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে।

ইরানের সংবাদমা ধ্যমের ওই তিন প্রতিবেদন এক সাথে পড়লে বোঝা যায়, তেহরান এখন যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাইছে। এ পর্যায়ে সামরিক শক্তির পাশাপাশি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বার্তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রথম প্রতিবেদনে তাসনিম বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে তা প্রতিপক্ষের প্রতিরক্ষাছাতা ভেদ করে কার্যকর আঘাত হানতে সক্ষম।

ইরান বলেছে, ইসরাইলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন প্রায় অজেয় হিসেবে তুলে ধরা হতো। কিন্ত ইরানের একযোগে এবং বিভিন্নমুখী আঘাত সামাল দিতে গিয়ে সে প্রতিরক্ষাছাতায় নানা ছিদ্র দেখা দিচ্ছে। বিশেষ করে সমন্বিত হামলার কৌশল ব্যবহার করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়ে ইরান এমন অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। এ অবস্থায় ইহুদিবাদী ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তাসনিমের প্রতিবেদন বলছে, যুদ্ধক্ষেত্রে এখন ইরান শুধু প্রতিরোধকারী শক্তি নয়, বরং আক্রমণের সক্ষমতায় বলীয়ান এক প্রধান খেলোয়াড়।

আরেক প্রতিবেদনে তাসনিম লিখেছে, ইরানের হামলা এখন শুধু সামরিক কৌশল নয়, প্রতীকী বার্তাও বহন করছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলের দিমোনাসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাতের পর পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে—“ইরানি জনগণের চাহিদা অনুযায়ী” হামলার ঢেউয়ের পর ঢেউ চালানো হচ্ছে। যুদ্ধ পর্যবেক্ষকরা বলছেন, লড়াই এখন নিছক সামরিক পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং মনস্তাত্ত্বিক ও জনমত-নির্ভর পর্যায়েও স্থান করে নিয়েছে। ইরানের বক্তব্য থেকে এ কথাই ফুটে উঠছে। অর্থাৎ,ইসরাইলের ওপর চালানো ইরানের প্রতিটি হামলা এখন একদিকে যেমন কৌশলগত সিদ্ধান্ত, অন্যদিকে তেমনই দেশটির অভ্যন্তরীণ সমর্থন ও জনমতের প্রতিফলন।

এই বক্তব্যের ভেতর দিয়ে একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। ইরান দেখাতে চেষ্টা করছে যে, তাদের সামরিক পদক্ষেপ শুধু রাষ্ট্রীয় সিদ্ধান্ত নয়, বরং জনগণের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে যুদ্ধের ভাষ্য বদলে যায়। এ যুদ্ধ আর কেবল সেনাবাহিনীর লড়াই নয়, বরং একটি ‘জাতীয় প্রতিক্রিয়া’ হিসেবে উপস্থাপিত হয়। ইরানের এমন বয়ান আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে, কারণ এতে সংঘাতের রাজনৈতিক ও নৈতিক ব্যাখ্যা নতুন মাত্রা পায়।

তৃতীয় প্রতিবেদনে তাসনিম সবচেয়ে জোর দিয়ে বলেছে ‘সমীকরণের পরিবর্তন’-এর কথা। তাদের দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যে এতদিন যে সামরিক ভারসাম্য ছিল, তা এখন দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে ইসরাইল আকাশে প্রায় একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখত,সেখানে এখন ইরানের পাল্টা আঘাত সেই নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছে। ইরানি ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত হানার সক্ষমতা,পাল্লা এবং একযোগে আক্রমণের ক্ষমতা—এই তিনটি উপাদান মিলিয়ে নতুন এক রণ বাস্তবতা তৈরি হয়েছে।

এই পরিবর্তনের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। তাসনিমের বিশ্লেষণ অনুযায়ী,এর ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারিত হতে পারে। ভবিষ্যতের সংঘাতে কে আগে আঘাত হানবে,কে কত দ্রুত জবাব দেবে এবং কোন প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে—এসব প্রশ্ন এখন নতুনভাবে সামনে আসছে। অর্থাৎ,সংঘর্ষের ধরনই বদলে যেতে পারে।

সব মিলিয়ে এই তিনটি প্রতিবেদন একটি বড় বার্তা দেয়ার চেষ্টা করছে—ইরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং আক্রমণ ও প্রতিরোধ—দুটো ক্ষেত্রেই নিজেদের সক্ষমতা দেখাতে চাইছে। একই সঙ্গে তারা বোঝাতে চাইছে,যুদ্ধ এখন আর কেবল অস্ত্রের লড়াই নয়;এটি তথ্য, মনস্তত্ত্ব এবং জনমতের লড়াইয়েও রূপ নিয়েছে।

পাশাপাশি,এসব দাবির বাস্তবতা যাচাই করা কঠিন,কারণ সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তথ্য প্রায়ই পক্ষভেদে ভিন্নভাবে উপস্থাপিত হয়। তবু এটুকু স্পষ্ট, সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং ভবিষ্যতে সংঘর্ষের প্রকৃতি আরও জটিল হতে পারে।

আক্রমণের উৎসস্থলই গুঁড়িয়ে দেয়া হয়েছে
ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আরেক প্রতিবেদনে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী অর্থাৎ আইআরজিসি নৌ শাখার কমান্ডার আলিরেজা তাংসিরি দাবি করেছেন, ইরানের দ্বীপগুলো লক্ষ্য করে যেসব হামলার চেষ্টা হয়েছিল, তার উৎসস্থলগুলোকেই সরাসরি আঘাত করে ধ্বংস করে দেয়া হয়েছে।

তার ভাষায়, প্রতিপক্ষ শুধু হামলা চালায়নি, বরং পরিকল্পিতভাবে ইরানের কৌশলগত অবস্থানকে দুর্বল করার চেষ্টা করেছিল—কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে পাল্টা আঘাতে।

তাংসিরি বলেন, পারস্য উপসাগর এবং আশপাশের পানিসীমায় ইরানের দ্বীপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। এসব জায়গায় হামলার চেষ্টা মানেই ইরানের নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করা। তাই ইরান শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকেননি, বরং হামলার উৎসস্থল চিহ্নিত করে সেখানে পাল্টা আঘাত হেনেছেন।

তাংসিরি বলেন, এই পাল্টা অভিযানে এমন সব ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখান থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা হচ্ছিল। ফলে প্রতিপক্ষের যুদ্ধ অভিযানের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যতে একই ধরনের হামলার সম্ভাবনাও কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।

এই বক্তব্যের ভেতর দিয়ে একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে—ইরান এখন শুধু আঘাত ঠেকানোর কৌশলে নেই, বরং আক্রমণের উৎসেই আঘাত হানার নীতিতে যাচ্ছে। অর্থাৎ, যুদ্ধক্ষেত্রে প্রতিক্রিয়ার ধরন বদলেছে। প্রতিপক্ষের হামলার অপেক্ষা না করে, সেই হামলার ভিত্তি নষ্ট করে দেওয়ার কৌশলকে সামনে আনা হচ্ছে।

তাংসিরি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং সমন্বিতভাবে কাজ করছে।জল-স্থল-অন্তরীক্ষে অর্থাৎ স্থল, নৌ ও আকাশ—যেকোনো হুমকির দ্রুত ও কার্যকর জবাব দেয়া জন্য এই তিন ক্ষেত্রেই সমন্বিত প্রতিরক্ষা ও আক্রমণ কৌশল গড়ে তোলা হয়েছে।

প্রতিবেদনটিতে ইঙ্গিত দেয়া হয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইরান তাদের রণ-কৌশলকে আরো আক্রমণাত্মক এবং প্রতিরোধমূলক দুই দিকেই শক্তিশালী করছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং কৌশলগত অঞ্চলগুলো রক্ষায় তেহরান এখন আর কেবল প্রতিরক্ষা নয়, বরং আগাম প্রতিক্রিয়ার পথ বেছে নিচ্ছে।

পাশাপাশি, এসব দাবির বাস্তবতা যাচাই করা কঠিন, কারণ সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তথ্য প্রায়ই পক্ষভেদে ভিন্নভাবে উপস্থাপিত হয়। তবু এটুকু স্পষ্ট, সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে এবং ভবিষ্যতে সংঘর্ষের প্রকৃতি আরো জটিল হতে পারে।