প্রধান বিচারপতি ইজেই

আলোচনার দরজা খোলা, মাথা নত করবে না ইরান

ইরান সবসময় শান্তি চায়, তবে সেই শান্তি হতে হবে ন্যায়ের ভিত্তিতে

‘আলোচনা বা সমঝোতা হতে হবে সম্মানজনক এবং যৌক্তিক। কোনো ভুল বা অন্যায় চাপিয়ে দেয়ার চেষ্টা ইরান বরদাশত করবে না।’

সৈয়দ মূসা রেজা
ইরানের বিচার বিভাগের প্রধান মোহসেনি ইজেই
ইরানের বিচার বিভাগের প্রধান মোহসেনি ইজেই |সংগৃহীত

ইরানের বিচার বিভাগের প্রধান মোহসেনি ইজেই জানিয়েছেন, তার দেশ নীতি এবং যুক্তির ভিত্তিতে যেকোনো আলোচনা এবং সমঝোতার জন্য পুরোপুরি প্রস্তুত।

তাসনিম নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১৩ এপ্রিল) বিচার বিভাগের সুপ্রিম কাউন্সিলের সদস্যদের সাথে এক বৈঠকে ইজেই বর্তমান পরিস্থিতি এবং শত্রুপক্ষর ব্যর্থতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

তিনি বলেন, মার্কিনিরা তাদের চিরচেনা অহংকার নিয়ে ইসলামাবাদ আলোচনায় অংশ নিয়েছিল এবং যুদ্ধের ময়দানে যা তারা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে আদায়ের চেষ্টা করেছিল। তবে ইরানের প্রতিনিধিদল অত্যন্ত বিচক্ষণতার সাথে ইরানের জনগণের অধিকার রক্ষা করেছে এবং মার্কিনিরা যেভাবে ৪০ দিনের যুদ্ধে ব্যর্থ হয়েছে, তেমনি আলোচনার টেবিলেও তাদের হার হয়েছে।

ইজেই স্পষ্ট করে বলেন, আলোচনা বা সমঝোতা হতে হবে সম্মানজনক এবং যৌক্তিক। কোনো ভুল বা অন্যায় চাপিয়ে দেয়ার চেষ্টা ইরান বরদাশত করবে না।

তিনি মনে করেন, তৃতীয় দফা চাপিয়ে দেয়া যুদ্ধের অর্জনগুলো রক্ষা করা এখন পুরো ইরানি জাতির প্রধান দায়িত্ব। দেশটির কূটনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিচার বিভাগের প্রতিটি কর্মীকে সাহসী সৈনিকদের ত্যাগের কথা মাথায় রেখে কাজ করতে হবে।

ইরানের প্রধান বিচারপতি আরো বলেন, গোটা জাতি এখন সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে ঐক্যবদ্ধ আছে এবং তারা সশস্ত্র বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখে। সাময়িক যুদ্ধবিরতি চললেও ইরানি যোদ্ধাদের হাত এখনো বন্দুকের ট্রিগারেই আছে এবং তারা মোটেও শিথিল হয়ে পড়েনি। ইসরাইল বা অন্য কোনো শত্রু ইরানি জাতির একতা ভাঙতে পারবে না।

তিনি বিচার বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন যেন তারা দেশদ্রোহী এবং শত্রুর সহযোগীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখেন। আদলতের সেবা দেয়ার ক্ষেত্রেও সবাইকে যুদ্ধের প্রস্তুতির মতো তৎপর থাকতে হবে যেন ইরানের সাধারণ মানুষ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আবারো মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান সবসময় শান্তি চায়, তবে সেই শান্তি হতে হবে ন্যায়ের ভিত্তিতে।

সূত্র : তাসনিম নিউজ অ্যাজেন্সি