ইরানে ইসরাইলের হামলার পর বাহরাইন, কাতারের দোহার পর এ এবার সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শনিবার সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
এর আগে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সেখানে বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে।
আবুধাবিতে রকেটের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আজ জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ এখনো ঘটনা বা আহতদের সংখ্যা সম্পর্কে আরো বিস্তারিত প্রকাশ করেনি, যদিও ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এলাকাটি সুরক্ষিত করার কাজ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আজ শনিবার সকালে ইরানে হামলা শুরু করেছে ইসরাইল। এর পাল্টা হিসেবে ইরানও ইসরাইলে রকেট হামলা চালিয়েছে। সেইসাথে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
ইরানের ফার্স নিউজ অ্যাজেন্সির খবরে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
শনিবার সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদফতর।
এর আগে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। হামলার পর ইরানের মোবাইল ফোনের নেটওয়ার্ক প্রায় অচল হয়ে গেছে। বন্ধ করে দেয়া ইন্টারনেট।



