ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেছেন, তার দেশ দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সে জন্য প্রস্তুত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় লারিজানি বলেছেন, ইরান যেভাবে গত ৩০০ বছরে কখনও যুদ্ধ শুরু করেনি ও ইরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষার প্রয়োজন ছাড়া কখনও হামলা চালায়নি ঠিক সেভাবেই আমরাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মূল্যের পরোয়া না করেই নিজেদেরকে ও আমাদের ছয় হাজার বছরের সভ্যতার প্রতিরক্ষা করব এবং ভুল হিসাব-নিকাশের কারণে শত্রুদেরকে অনুশোচনায় ভুগতে বাধ্য করব।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিপরীতে ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।’
খামেনির হত্যার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা তিনি পুনরায় শুরু করার চেষ্টা করেছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত দাবি প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।
আরেক পোস্টে লারিজানি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার ‘ভ্রান্ত কল্পনা’ দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন এবং এখন আরো মার্কিন হতাহতের আশঙ্কায় আছেন।
তিনি অভিযোগ করেন, ট্রাম্প তার তৈরি করা ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরাইল ফার্স্ট’-এ রূপ দিয়েছেন এবং ইসরাইলের ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের উৎসর্গ করেছেন।
লারিজানি বলেন, এর মূল্য দিতে হবে মার্কিন সেনা ও তাদের পরিবারকে। ইরান নিজেদের আত্মরক্ষা অব্যাহত রাখবে।


