হরমুজ প্রণালীতে ‘নতুন ব্যবস্থার’ প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী

‘পারস্য উপসাগরে নতুন ব্যবস্থার জন্য ইরানি কর্তৃপক্ষ ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে আইআরজিসি নৌবাহিনী অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করছে।’

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালীতে নতুন পরিচালন ব্যবস্থা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

তেহরান থেকে এএফপি জানায়, রোববার এক্সে দেয়া এক পোস্টে গার্ড বাহিনীর নৌ-শাখা জানায়, ‘পারস্য উপসাগরে নতুন ব্যবস্থার জন্য ইরানি কর্তৃপক্ষ ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে আইআরজিসি নৌবাহিনী অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করছে।’

তারা সতর্ক করে দিয়ে বলেছে, প্রণালীর পরিস্থিতি ‘আগের অবস্থায় আর কখনোই ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য।’

এই বক্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই নৌপথ দিয়ে সীমিত জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে, ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহ ব্যাহত হয়েছে।

রোববার ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রণালী দিয়ে চলাচল সহজ করতে ইরান ও ওমান আলোচনা করেছে, যদিও সংঘাতের কারণে এটি কার্যত বন্ধই রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আইনপ্রণেতারা এই নৌপথ দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল ও কর আরোপের প্রস্তাবও দিয়েছেন।

সূত্র : এএফপি/বাসস