বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা

বাহরাইনের মুহাররাক অঞ্চলে জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, বাসিন্দাদের ঘরে অবস্থান এবং জানালা, বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

নয়া দিগন্ত অনলাইন
বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা চালানো হয়েছে
বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা চালানো হয়েছে |সংগৃহীত

জ্বালানি ট্যাংকে ইরানের হামলার পর বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে বাহরাইন। উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে তেহরান যে অভিযান চালাচ্ছে, তার মধ্যেই বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেয়া এক পোস্টে জানায়, ‘মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে ইরানের এই প্রকাশ্য আগ্রাসন চালানো হয়।’

মন্ত্রণালয় মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়েছে।

বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে, সেখান থেকে ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে সুরক্ষার জন্য এ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সূত্র : বাসস