ইয়েমেনি অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ঘোষণা করেন যে, সশস্ত্র সংঘাতের কারণে ২০১৫ সালের সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের দেশটির জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বা টিপিএস ৬০ দিনের মধ্যে বাতিল করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মার্কিন সরকার গতকাল শুক্রবার জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে আসা অভিবাসীদের জন্য একটি সুরক্ষিত মর্যাদা বাতিল করছে, যা গত এক দশক ধরে চালু ছিল।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ঘোষণা করেন যে, সশস্ত্র সংঘাতের কারণে ২০১৫ সালের সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের দেশটির জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বা টিপিএস ৬০ দিনের মধ্যে বাতিল করা হবে।

ট্রাম্প প্রশাসন অভিবাসন কমানোর অভিযানের অংশ হিসেবে অনেক দেশের জন্য, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের জন্য টিপিএস সুরক্ষা বাতিল করেছে।

টিপিএস হলো মার্কিন সরকারের একটি অভিবাসন সুবিধা, যা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজ দেশে ফিরতে অসমর্থ নির্দিষ্ট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দেয়।

এটি একটি সাময়িক সুরক্ষা, যা স্থায়ী নাগরিকত্ব দেয় না, তবে আবেদনকারীকে এই সময়ে নির্বাসন থেকে রক্ষা করে এবং কাজের বৈধ অনুমোদন প্রদান করে।

এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য।

নোয়াম এক বিবৃতিতে বলেন, ‘দেশের পরিস্থিতি পর্যালোচনা করে এবং যথাযথ মার্কিন সরকারি সংস্থার সাথে পরামর্শ করার পর সিদ্ধান্ত হয়েছে যে, ইয়েমেন আর অস্থায়ী সুরক্ষিত মর্যাদা পাওয়ার জন্য আইনের শর্ত পূরণ করছে না।’

তিনি বলেন, ‘টিপিএস ইয়েমেনের সুবিধাভোগীদের সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী।’ তিনি এটি বাতিল করাকে ‘আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া বা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।’

যদিও এই সুরক্ষাগুলো আনুষ্ঠানিক ভাবে অস্থায়ী, ঐতিহাসিকভাবে প্রেসিডেন্টরা অভিবাসীদের জন্য টিপিএস মর্যাদা বাতিল করে তাদের অনথিভুক্ত করে দেয়ার পরিবর্তে অভিবাসীদের জন্য তা নবায়ন করে আসছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সুবিধাভোগীদের, যাদের যুক্তরাষ্ট্রে থাকার জন্য আর কোনো বৈধ ভিত্তি নেই, তাদের ৬০ দিনের মধ্যে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে অথবা গ্রেফতার হতে হবে। সেইসাথে যারা ‘স্বেচ্ছায় দেশে ফিরে যাবেন’ তাদের জন্য একটি বিনামূল্যে বিমান টিকিট এবং বোনাস হিসাবে ২ হাজার ৬০০ মার্কিন ডলার প্রস্থান বোনাস দেয়ার প্রস্তাব করা হয়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধের কবলে রয়েছে।

সন্ত্রাসবাদ, অস্থিরতা, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি এবং অপহরণের কথা উল্লেখ করে বর্তমানে ইয়েমেন ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দফতর।

গত বছর ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প হাইতি, সোমালিয়া, হন্ডুরাস, নিকারাগুয়া, নেপাল, ইথিওপিয়া ও ভেনেজুয়েলাসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য টিপিএস বন্ধ করে দিয়েছেন অথবা বন্ধ করার চেষ্টা করেছেন।

সূত্র : এএফপি/বাসস