মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িত সব পক্ষকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। হরমুজ প্রণালি তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে। বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
সমুদ্রপথে বিশ্বের মোট পরিবাহিত প্রায় এক চতুর্থাংশ তেল এই প্রণালি দিয়ে যায়। এছাড়াও বিপুল পরিমাণ কার্গোও পরিবাহিত হয়।
শনিবার ইরানের বিপ্লবী গার্ড প্রণালিটি বন্ধ ঘোষণা করে, যার ফলে কয়েকটি আন্তর্জাতিক শিপিং গ্রুপ ওই জলপথে চলাচল বন্ধ করে দেয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরো বাড়ানো থেকে বিরত থাকতে, হরমুজ প্রণালিতে নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়া থেকে রক্ষা করতে আহ্বান জানাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ... চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
চীন ইরানি তেলের প্রধান ক্রেতা, যার বেশিভাগই এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বাসস



