মধ্যপ্রাচ্যে চলমান এই সঙ্ঘাতের মাঝে লেবাননে হামলার মাত্রা বাড়িয়েই যাচ্ছে ইসরাইল। তারা আজ লেবাননের রাজধানী বৈরুতজুড়ে আল কার্দ আল হাসান নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের কয়েকটি শাখায় হামলা চালিয়েছে।
স্থানীয় সময় দুপুর নাগাদ বৈরুতের এই প্রতিষ্ঠানের অন্তত তিনটি শাখা লক্ষ্য করে হামলা করা হয়েছে।
এর আগে ইসরাইল সতর্ক করে বলেছিল, এই আর্থিক প্রতিষ্ঠানকে তারা প্রতিরোধমূলকভাবে লক্ষ্যবস্তু করেছে। কারণ, এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন করে।
হিজবুল্লাহ এই প্রতিষ্ঠানকে ব্যাংক হিসেবে বর্ণনা করে। এই গোষ্ঠীটি বলছে, এই ব্যাংকটি লেবাননজুড়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাহকদের আর্থিক সেবা দিয়ে থাকে। সেখানকার বিভিন্ন জায়গায় এর শাখা রয়েছে।



