বিশ্ববিদ্যালয়সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলার খবর

হামলায় বিশ্ববিদ্যালয়ের যেসব এলাকা আক্রান্ত হয়েছে, তার মধ্যে ইনফরমেশন টেকনোলজি সেন্টার ভবন এবং বিশ্ববিদ্যালয় মসজিদও রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সোমবার সকালে তেহরানের বিভিন্ন অংশে হামলা হয়েছে
সোমবার সকালে তেহরানের বিভিন্ন অংশে হামলা হয়েছে |সংগৃহীত

তেহরানের বিভিন্ন এলাকায় আজ সোমবার ভোর থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এর একটি গ্যাস স্টেশনও ছিল।

হামলার পর পাওয়া ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয়ার পর আজ তেলের দাম বাড়তে দেখা যাচ্ছে।

রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেয়া হবে।

তিনি অবশ্য ফক্স নিউজকে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন, সোমবারের মধ্যে তেহরানের সাথে একটি চুক্তি সম্ভব।

ইরান বারবার জোর দিয়ে বলেছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করেনি।

অন্যদিকে তেহরানের ৯ নম্বর জেলার মেয়র ঘোষণা করেছেন, আজ সকাল (সোমবার) শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির গ্যাস স্টেশনে হামলার পর শরিফ এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই হামলায় বিশ্ববিদ্যালয়ের যেসব এলাকা আক্রান্ত হয়েছে, তার মধ্যে ইনফরমেশন টেকনোলজি সেন্টার ভবন এবং বিশ্ববিদ্যালয় মসজিদও রয়েছে।

সোমবার সকালে প্রকাশিত ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

যুদ্ধ শুরুর পর থেকে তেহরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার শিকার হয়েছে।

ইরানের বিভিন্ন অঞ্চলে হামলার খবর

স্থানীয় সময় আজ সোমবার ভোর থেকে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টার দিকে একদল যুদ্ধবিমান বোরোজের্দ শহরের উপর দিয়ে নিচু উচ্চতায় উড়ে যায়।

সেখানকার এক বাসিন্দা বলেন, ‘প্রতিদিন রাতেই আমরা কয়েকটি যুদ্ধবিমানের শব্দ শুনি, কিন্তু আজ রাতে এই শব্দ অন্তত পাঁচ গুণ বেশি ছিল।’

সোমবার সকালে শিরাজ শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর এবং যুদ্ধবিমানের শব্দ শোনার বিষয়েও খবর পাওয়া যাচ্ছে।

কওম শহরের কয়েকজন বাসিন্দাও জানিয়েছেন, রাত ১টার দিকে শহরের কিছু এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

কওম প্রদেশের উপ-রাজনৈতিক ও নিরাপত্তা পরিচালকও জানিয়েছেন, শহরের একটি আবাসিক এলাকা হামলার শিকার হয়েছে। তিনি নাগরিকদের ঘটনাস্থলে ভিড় না করার অনুরোধ করেছেন।

বাড়ছে তেলের দাম

আজ সোমবার সকাল নাগাদ তেলের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। দিনের শুরুর লেনদেনে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ১ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে।

নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও সপ্তাহের শুরুতে বেড়েছে, যা ১দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিকে বিঘ্নিত করছে।

ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে বেড়ে যাচ্ছে তেলের দাম।

সূত্র : বিবিসি