ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় তিন হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি আরানি।
রোববার (১২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে।
আব্বাস মাসজেদি আরানি বলেছেন, মার্কিন-ইসরাইলি বিমান হামলায় নিহত তিন হাজার ৩৭৫ জনকে বৈজ্ঞানিক ও বিশেষায়িত পদ্ধতির মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিহতদের মধ্যে দুই হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন। বাকি চারজনের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আব্বাস মাসজেদি আরানি বলেন, নিহতদের মধ্যে আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান, চীন, ইরাক ও লেবাননের নাগরিকসহ কিছু বিদেশীও রয়েছেন। তবে তিনি সঠিক সংখ্যা জানাননি।
তিনি আরো বলেন, রাষ্ট্র-সমর্থিত সংস্থাটি উন্নত ফরেনসিক পদ্ধতির মাধ্যমে এই শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর একটি যৌথ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েক ডজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।
তেহরান পাল্টা জবাবে ইসরাইল, জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং তেল ও গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করে দেয়।
গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়, কিন্তু সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



