ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখে এখন আর আগের মতো ইরানের সরকার পরিবর্তনের কথা শোনা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে, ইহুদিবাদী নেতানিয়াহু দীর্ঘদিনের অনড় অবস্থানে এক ধরনের দৃশ্যমান পরিবর্তন বা সুর বদল লক্ষ্য করা যাচ্ছে।
এই পরিবর্তনটা কি একটু রহস্যজনক মনে হচ্ছে না? তাসনিম নিউজ এজেন্সির যুদ্ধ বিষয়ক কমেন্ট্রি গ্রুপ এ প্রশ্ন তুলে বলছে, নেতানিয়াহু সম্প্রতি যুদ্ধের লক্ষ্য নতুন করে ঠিক করেছেন। এখন তার পুরো নজর ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর দিকে। অথচ কয়েকদিন আগেও তিনি ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা বা সরকার বদলে দেয়ার হুমকি দিচ্ছিলেন।
ইসরাইলি নেতাদের এই সুর পরিবর্তনের পেছনে দেশটির ভেতরে চলা তীব্র সমালোচনা বড় কারণ হিসেবে কাজ করছে। শুধু সাধারণ মানুষই নয়, ইসরাইলের বিশেষজ্ঞ আর নীতি-নির্ধারকদের মধ্যেও এখন অসন্তোষ বাড়ছে।
অনেক বিশ্লেষক মনে করছেন, ইসরাইল শুরু থেকেই ভুল হিসাব কষে এই যুদ্ধে নেমেছে। এরপর যুদ্ধ সামলাতে গিয়েও পদে পদে বিপাকে পড়ছে তারা। পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে, ইসরাইল বা আমেরিকা—কারো কাছেই এই যুদ্ধ শেষ করার কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। শাসনব্যবস্থা পরিবর্তনের স্বপ্নে ভাটা পড়ার মধ্য দিয়ে ইরানের সামরিক শক্তির কাছে পরোক্ষভাবে ইসরাইল নতি স্বীকার করেছে বলে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বিশ্লেষকরা দাবি করছেন।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি



