ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের হামলায় একজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ বোমা হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে, যা এখন বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানায়, ‘হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’
দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, মধ্যাঞ্চলের শহর বনেই ব্রাকে কাচের টুকরোতে আহত ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে সেনাবাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে নাগরিকদের সুরক্ষিত আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি যে সব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে, সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
সূত্র: বাসস



