ইরাকের আকাশে মার্কিন বিমানের বড় বিপর্যয়!

ইরাকের আকাশে যান্ত্রিক গোলযোগে মার্কিন একটি রিফুয়েলিং বিমান বিপর্যয়ের মুখে পড়ে জরুরি অবতরণ করে তেল আবিবে; দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সৈয়দ মূসা রেজা
সংগৃহীত

ইরাকের আকাশে ফের বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি মার্কিন রিফুয়েলিং প্লেন বা জ্বালানি সরবরাহকারী বিমান।

তাসনিন নিউজ অ্যাজেন্সির দেয়া তথ্য অনুযায়ী, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ বা দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে সেটিকে ইসরাইলের তেল আবিবে জরুরি অবতরণ করানো হয়।

খবর পাওয়া গেছে, ক্ষতিগ্রস্ত ওই মার্কিন ট্যাঙ্কার বিমানটি অবতরণের অনুমতি চাওয়ার পরপরই তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়।

ইরাকি সূত্রগুলো নিশ্চিত করেছে, মাঝ আকাশে বড় ধরনের বিপদে পড়েছিল বিমানটি। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

ইরানের সাথে যুদ্ধে কতগুলো মার্কিন বিমান ধ্বংস হলো?

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ বা ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানে এখন পর্যন্ত মার্কিন বিমানবাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিমান ও ড্রোন বিনষ্ট হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও পেন্টাগনের তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে, কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার, সম্প্রতি ইরাকের আকাশে দু’টি বিমানের মধ্যে সংঘর্ষে একটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অন্যটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ইসরাইলে নেমেছে। এতে ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন।

এফ-১৫ই স্ট্রাইক ঈগল, যুদ্ধের শুরুর দিকে কুয়েতের আকাশসীমায় ভুলবশত ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

ইরান দাবি করেছে, তাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাতে এ বিমান তিনটি ধ্বংস হয়েছে। এমকিউ-৯ রিপার ড্রোন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে এবং যান্ত্রিক গোলযোগে এখন পর্যন্ত প্রায় ১৪টি ড্রোন ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আরো পাঁচটি রিফুয়েলিং বিমান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম-এর দাবি, ইরাকের এই দুর্ঘটনাটি কোনো শত্রুপক্ষের হামলায় হয়নি, বরং এটি একটি যান্ত্রিক দুর্ঘটনা। তবে যুদ্ধের এই উত্তাল সময়ে একের পর এক বিমান হারানো ওয়াশিংটনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।