ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেছেন, ইসরাইলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার কাৎজ বলেন, “হরমুজ প্রণালীতে হামলা ও অবরোধের মতো ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ সরাসরি জড়িত ছিলেন আলিরেজা তানসিরি এবং হামলা চালিয়ে তাকে ‘উড়িয়ে’ দেয়া হয়েছে।”
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামলায় ইরানের নৌবাহিনীর আরো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।
তবে, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।
এর আগে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাসে এক হামলায় তানসিরি নিহত হয়েছেন।
আলিরেজা তানসিরি ২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে ২০১০ সাল থেকে তিনি আইআরজিসির নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চলতি বছরের ১০ মার্চ থেকে তার নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে এবং ইরানি সংবাদমাধ্যমগুলো সেই অ্যাকাউন্টের পোস্টগুলো উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করছে।
এসব পোস্টে তিনি বেশ কয়েকবার হরমুজ প্রণালী নিয়ে মন্তব্য করেছেন।
ওই অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল যে, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজের এই প্রণালী দিয়ে যাওয়া-আসার অধিকার নেই।’
তানসিরি একজন স্পষ্টভাষী কমান্ডার হিসেবে পরিচিত। এর আগে ২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রফতানি ব্যাহত হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবেন।
২০১৯ সালে ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, অন্যান্য আইআরজিসি কমান্ডারদের সাথে তানসিরির ওপরও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সূত্র : বিবিসি



