খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে ইরানের নেতৃত্বে যারা

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে ইরান পরিচালনায় নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই এবং দেশের আইন পরিষদের একজন শীর্ষ কর্মকর্তা; তারা অন্তর্বর্তী প্রক্রিয়া তদারকি করবেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আরো দুই শীর্ষ কর্মকর্তা।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

খামেনির অন্যতম উপদেষ্টা মোহাম্মদ মোখবেরের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই ও দেশের আইন পরিষদের আরেক কর্মকর্তা এই তিন সদস্যের দলে থাকবেন। তারা অন্তর্বর্তী প্রক্রিয়া তদারকি করবেন।

ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, গোলাম হোসেইন মোহসেনি এজেই তার প্রথম বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ‘মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে এমন অপরাধের মাধ্যমে কখনোই ব্যাহত করতে পারবে না’।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে ইরানের সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের প্রধানদের প্রকাশ্যে দেখা যায়নি। তারাও গতকালের হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন।

সূত্র : এএফপি ও বিবিসি