যুক্তরাজ্যের কর্ম ও পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান বলেছেন, ন্যাটো ডিফেন্স অ্যালায়েন্স বা প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যে যে ধরনের পরিস্থিতি আমরা দেখছি তা মাথায় রেখে করা হয়নি।
বিবিসি রেডিও ফোরের সোমবারের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশ নিয়ে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল।
ন্যাটোর মূল নীতিগুলোর মধ্যে একটি সংস্থাটির সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যাটোভুক্ত কোনো একটি দেশের বিরুদ্ধে হামলার অর্থ সবার বিরুদ্ধেই হামলা।
এর আগে সকালে আরেক অনুষ্ঠানে দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধান জেনারেল স্যার নিক কার্টার বলেছেন, ‘ন্যাটো এমন কোনো জোট নয়, যা কোনো মিত্রের জন্য তৈরি করা হয়েছিল যাতে তারা নিজের ইচ্ছেমতো যুদ্ধে যায় এবং পরে অন্য সকলকে তা অনুসরণ করতে বাধ্য করে।’
স্যার নিক কার্টারের বক্তব্যের সাথে একমত কিনা জানতে চাইলে ব্রিটেনের কর্ম ও পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান বলেন, “জেনারেল কার্টার ‘সঠিক’ এবং বর্তমান যুদ্ধকে ‘ন্যাটো যুদ্ধ নয়’ বরং ‘মার্কিন-ইসরাইলি পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।”
‘ন্যাটোর প্রতি আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ,’ বলেন মেকফেডান।
সূত্র : বিবিসি


