বিশ্ব ব্যবস্থার নতুন নিয়ম এখন ইরানের হাতে : সাঈদ জলিলি

সৈয়দ মূসা রেজা
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য সাঈদ জলিলি
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য সাঈদ জলিলি |সংগৃহীত

হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণই ইরানকে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন নিয়ম নির্ধারণের সুযোগ করে দিয়েছে

ইরানের ভৌগোলিক অবস্থান বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণই দেশটিকে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন নিয়ম নির্ধারণের সুযোগ করে দিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য সাঈদ জলিলি এক বক্তব্যে এই দাবি করেছেন।

ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাঈদ জলিলি মনে করেন, শত্রুপক্ষ ইরানের শক্তি আন্দাজ করতে ভুল করেছে এবং এখন ইরান এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারাই বিশ্বব্যবস্থার চালকের আসনে বসছে।

সাঈদ জলিলি বলেন, ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দুশমনদের সব গাণিতিক হিসাব উল্টে দিয়েছে। ৪৭ বছর ধরে শত্রুরা তাদের সর্বশক্তি দিয়ে ইরানের পথ রোধ করার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শত্রুরা মনে করেছিল তাদের সাজানো বিশ্বব্যবস্থা চিরস্থায়ী হবে। কিন্তু ইরানের প্রতিরোধের মুখে সেই পুরনো বৈশ্বিক নিয়ম এখন পতনের মুখে।

জলিলির মতে, আগের বিশ্বব্যবস্থার দুটি প্রধান ভিত্তি ছিল। প্রথমটি হলো কিছু গালভরা স্লোগান ও দ্বিতীয়টি হলো সামরিক শক্তি। আজ খোদ পশ্চিমা নেতারাই স্বীকার করছেন যে তাদের সেই পুরনো আদর্শ বা স্লোগানের আর কোনো কার্যকারিতা নেই।

বিশ্ব অর্থনীতির নাড়ি এখন এই অঞ্চলে স্পন্দিত হচ্ছে উল্লেখ করে জলিলি বলেন, বিশ্বের মোট তেলের পাঁচ ভাগের এক ভাগ এই অঞ্চল দিয়ে পরিবহন করা হয়। এর ফলে ইরান এখন বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণের ক্ষমতা রাখে। বর্তমান বাজারে তেল ও গ্যাসের দামের ঊর্ধ্বগতি প্রমাণ করে যে বিশ্ব এখন ইরানের তৈরি নিয়মে চলতে বাধ্য হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন,শত্রুরা এমন এক জায়গায় যুদ্ধ শুরু করেছে যা পুরো বিশ্বের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। কারণ তাদের নিজেদের তেলের মজুদ ফুরিয়ে আসছে।

ইরানের ড্রোন ও নৌ-শক্তির সক্ষমতা এখন আর ছোট করে দেখার সুযোগ নেই বলে জানান এই জ্যেষ্ঠ কর্মকর্তা। শত্রুপক্ষের সামরিক কর্মকর্তারাও এখন স্বীকার করছেন যে ইরান হাজার হাজার ড্রোন তৈরি করার ক্ষমতা অর্জন করেছে। পশ্চিমা দেশগুলোর অস্ত্র তৈরিতে যেখানে অনেক খরচ এবং সীমাবদ্ধতা রয়েছে, সেখানে ইরানের সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা যুদ্ধের ময়দানে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে।

সাঈদ জলিলির মতে, এই সামরিক ও কৌশলগত সুবিধাই ইরানকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সূত্র : তাসনিম নিউজ