হলিউডি কাহিনি এবং বাস্তবের ফাঁকফোকর

পাইলট উদ্ধারের আমেরিকার বয়ান নিয়ে প্রশ্ন

মার্কিন বাহিনী ইরানের ভেতরে ঢুকল,একটি ট্র্যাকার ধরে পাইলটকে খুঁজে বের করল, তারপর হঠাৎ প্রযুক্তিগত সমস্যা দেখা দিলো, আবার নতুন করে আরেকটি উদ্ধার অভিযান চালানো হলো। সব মিলিয়ে এক নিঃশ্বাসে বলা যায় এমন গল্প। কিন্তু বাস্তবে এমন জটিল অপারেশন—সীমান্ত পেরোনো থেকে শুরু করে নির্দিষ্ট একজনকে খুঁজে বের করা—এত কম সময়ে, এত নিখুঁতভাবে কীভাবে সম্ভব, সেটাই এখন মূল প্রশ্ন।

সৈয়দ মূসা রেজা
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বয়ানে ইরানের ভেতর বিধ্বস্ত বিমানের পাইলট উদ্ধার অভিযানের যে রোমহর্ষক গল্প শোনা যাচ্ছে, সেটি যতটা নাটকীয়, ততটাই ধোঁয়াশায় ঢাকা। অনেকটা যেন জেমস বন্ড বা মাসুদ রানার দুঃসাহসিক থ্রিলারের দৃশ্যাবলী। বিপদ, প্রযুক্তি আর সময়ের সঙ্গে দৌড় একসঙ্গে মিশে কাহিনী শেষের দিকে এগিয়ে যায়। কিন্তু সিনেমার পর্দায় যা সহজে মানিয়ে যায়,বাস্তবের মাটিতে তা এতো সহজে বিশ্বাসযোগ্য হয় না।এই জায়গাতেই শুরু হয়েছে প্রশ্ন।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির যুদ্ধ বিশ্লেষণ বিভাগ তাদের প্রতিবেদনে বলছে, পুরো ঘটনাটির ভেতরে এমন অনেক অসামঞ্জস্য আছে, যেগুলো উপেক্ষা করা কঠিন। তাদের মতে, এই বয়ানটা অনেকটাই সাজানো গল্পের মতো—যেখানে নাটকীয়তা আছে, কিন্তু প্রমাণের জায়গায় ঘাটতি রয়ে গেছে।

বর্ণনাটি শুনলে যেন থ্রিলারের প্লট—মার্কিন বাহিনী ইরানের ভেতরে ঢুকল,একটি ট্র্যাকার ধরে পাইলটকে খুঁজে বের করল, তারপর হঠাৎ প্রযুক্তিগত সমস্যা দেখা দিলো, আবার নতুন করে আরেকটি উদ্ধার অভিযান চালানো হলো। সব মিলিয়ে এক নিঃশ্বাসে বলা যায় এমন গল্প। কিন্তু বাস্তবে এমন জটিল অপারেশন—সীমান্ত পেরোনো থেকে শুরু করে নির্দিষ্ট একজনকে খুঁজে বের করা—এত কম সময়ে, এত নিখুঁতভাবে কীভাবে সম্ভব, সেটাই এখন মূল প্রশ্ন।

এই সন্দেহ আরো গভীর হয়েছে পাইলটদের অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্যের কারণে। বলা হচ্ছে, একজন পাইলট গুরুতর আহত, তার বেঁচে থাকার সম্ভাবনাও কম। অথচ যাকে প্রথমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তার কোনো স্পষ্ট ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য তথ্য এখনো সামনে আসেনি। যেন গল্পের একটি চরিত্র আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না—শুধু শোনা যাচ্ছে।

দ্বিতীয় পাইলটকে ঘিরেও একই ধরনের দ্বিধা। যদি অভিযান সফল হয়ে থাকে, তাহলে তার মৃত্যুর আশঙ্কা কেন একসঙ্গে সামনে আনা হচ্ছে? এতে মনে হচ্ছে, বয়ানটি হয়তো ভবিষ্যতে বদলে নেয়ার জন্যই কিছুটা খোলা রাখা হয়েছে—যাতে প্রয়োজনে বলা যায়, “চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।” এই ধরনের প্রস্তুতিপর্ব সাধারণত বাস্তবের চেয়ে গল্পের জগতেই বেশি দেখা যায়।

অন্যদিকে, ইরানের সরকারি অবস্থান একেবারেই স্পষ্ট—তাদের দাবি, পুরো অভিযানই ব্যর্থ হয়েছে। এই দুই বিপরীত বয়ানের মাঝে সত্যটা কোথায় দাঁড়িয়ে আছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে।

তবে আমেরিকার বক্তব্য আংশিক সত্য ধরেও যদি বিচার করা হয়, তবু একটি বিষয় চোখে পড়ে—ইরানের ভেতরে ঢুকে একটি বিশেষ অভিযান চালাতে গিয়ে তাদের হেলিকপ্টার প্রযুক্তিগত সমস্যায় পড়েছে। বিষয়টি নিজেই ইঙ্গিত দেয়,আমেরিকার যুদ্ধক্ষেত্রে মাঠপর্যায়ের প্রস্তুতি বা সহায়তায় বড় ধরনের দুর্বলতা ছিল। অথচ একই সময়ে বলা হচ্ছে, আবহাওয়া ছিল অনুকূলে, আর ইরানের আকাশ প্রতিরক্ষা নাকি দুর্বল—মানে বাধাহীন একটি অপারেশন হওয়ার কথা।

এই বৈপরীত্যই পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছে। একদিকে নিখুঁত পরিকল্পনার আমেরিকার যুদ্ধবাজ নেতাদের দাবি, অন্যদিকে মাঝপথে ভেঙে পড়া বাস্তবতা—দুটোকে একসঙ্গে মেলানো কঠিন। ফলে গল্পটা যতই জেমস বন্ড বা মাসুদ রানার মতো দুঃসাহসিক শোনাক, বাস্তবের কঠিন মাটিতে দাঁড়ালে তার ভেতরের ফাঁকগুলোই বেশি চোখে পড়ে।