ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে যে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেয়ার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তাকে মোটেও পাত্তা দিচ্ছে না তেহরান।
সম্প্রতি ট্রাম্পের দেয়া এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি নির্ভরযোগ্য সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, ট্রাম্পের এই ধরনের হুমকির এখন আর কোনো দাম নেই এবং এতে কেউ ভয়ও পাচ্ছে না।
সূত্রটি আরো দাবি করেছে যে, যদি এসব হুমকি আসলেই কাজ করতো, তবে ট্রাম্পকে যুদ্ধবিরতির জন্য এতো মরিয়া হয়ে চেষ্টা করতে হতো না।
ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে যে, এই ধরনের অবস্থান নিয়ে কোনো সমস্যার সমাধান তো হবেই না; বরং পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
ট্রাম্প যদি হরমুজ প্রণালী নিয়ে কোনো ভুল হিসাবনিকাশ করেন বা বোকামি করে বসেন, তবে তাকে বাবেল মান্দেব প্রণালী নিয়েও দুশ্চিন্তায় পড়তে হবে। কারণ, তেমন কিছু ঘটলে ওই অঞ্চলের জ্বালানি সরবরাহ এবং বিশ্ব বাণিজ্য অনেক বড় এবং ব্যয়বহুল চ্যালেঞ্জের মুখে পড়বে।
এক কথায় ইরান বুঝিয়ে দিয়েছে যে, তাদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করলে উল্টো বিশ্ব বাজারের ওপরই এর চরম প্রভাব পড়বে এবং পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না।
ইসরাইল বা অন্য মিত্রদের নিয়ে আমেরিকা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, তবে তার ফল ভালো হবে না বলেও ইঙ্গিত দিয়েছে ইরান।
ইরানের সূত্রটি জোর দিয়ে বলেছে যে, ট্রাম্পের এসব ফাঁকা বুলি এখন আর কারো ওপর প্রভাব ফেলার ক্ষমতা রাখে না। বরং এসব হুমকি বিশ্ব বাণিজ্যকে আরো অস্থির করে তুলবে যা কারো জন্যই মঙ্গলজনক হবে না।



