ইরানে আটক দুই জাপানি নাগরিকের মধ্যে একজনকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ফুজি একটি রাজনৈতিক টকশোতে বলেন, পরিচয় গোপন রাখা ওই নাগরিককে বুধবার মুক্তি দেয়া হয়েছে। তিনি শিগগিরই দেশে ফিরবেন।
জাপানি গণমাধ্যম জানিয়েছে, ওই নাগরিককে গত জুনে ইরানে আটক করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক জাপানি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ‘জিজি প্রেস’ জানায়, ওই ব্যক্তির কারাদণ্ড শেষ হয়েছে বলে সিদ্ধান্ত নেয়ার পর ইরান তাকে মুক্তি দেয়।
মোতেগি বলেন, আটক ব্যক্তিদের মুক্তির জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ‘জোরালো আহ্বান’ জানানোর পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরো নিশ্চিত করেন, দ্বিতীয় এক জাপানি নাগরিক এখনো আটক রয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করেননি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে ইরান জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকের তেহরান ব্যুরো প্রধানকে গ্রেফতার করে। পরে তাকে এমন একটি কারাগারে নেয়া হয়, যেখানে সাধারণত রাজনৈতিক বন্দীদের রাখা হয়।
এক সাবেক জাপানি সরকারি মুখপাত্র সাংবাদিকদের জানান, ২০ জানুয়ারি এক জাপানি নাগরিককে আটক করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
রোববার মোতেগি নিশ্চিত করতে রাজি হননি যে দ্বিতীয় ব্যক্তিটিই এনএইচকের সাংবাদিক কি-না।
ফুজি টিভির অনুষ্ঠানে তিনি বলেন, ‘অন্য ব্যক্তিটির বিষয়ে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি এবং দ্রুত মুক্তি নিশ্চিত করতে কাজ করছি।’
সূত্র: বাসস



