চীনে চান্দ্র নববর্ষের ছুটিতে আতশবাজি বিক্রির একটি দোকানে বিস্ফোরণে পাঁচ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চীনে চান্দ্র নববর্ষের ছুটি উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে। বুধবার বিকেলে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের জিনপু গ্রামে এ ঘটে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি কর্তৃপক্ষের বরাতে জানায়, ‘ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে নিশ্চিত হওয়া গেছে, এই দুর্ঘটনায় পাঁচজন অপ্রাপ্তবয়স্কসহ মোট ১২ জন মারা গেছে।’
সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘একজন ছাড়া বাকি ১১ জন ছিলেন আতশবাজি কিনতে আসা ক্রেতা। ওই ব্যক্তি দোকানোর মালিক বলে ধারণা করা হচ্ছে।’
এই ঘটনায় মারা যাওয়া তিনজন ক্রেতা প্রায় ৭৮০ কিলোমিটার দূরের শহর চেংডু থেকে স্বজনদের সাথে দেখা করতে এসেছিলেন।
বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণের কারণে সাম্প্রতিক বছরগুলোয় চীনের কয়েকটি বড় শহরে আতশবাজি ও পটকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে গ্রামীণ এলাকায় এ প্রথা এখনো খুব জনপ্রিয়, আর এই কারণে ছুটির সময় এমন প্রাণঘাতী বিস্ফোরণ প্রায় নিয়মিতই ঘটে থাকে।
গত রোববার পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে আতশবাজির একটি দোকানে বিস্ফোরণে আটজনের মৃত্যু ও দু’জন আহত হন।
সূত্র : বাসস



