৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের দুবাই ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দুবাইয়ের সাথে ক্যাথে প্যাসিফিকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ের সাথে সব ফ্লাইট ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে হংকংয়ের বিমান পরিবহন জায়ান্ট ক্যাথে প্যাসিফিক।

বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দুবাইয়ের সাথে ক্যাথে প্যাসিফিকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।’

তারা আরো জানায়, ‘আগামী দিনগুলোতে আমাদের ফ্লাইট সূচিতে আরো পরিবর্তন প্রয়োজন হতে পারে।’

এর আগে মার্চ মাসে দুবাই ও রিয়াদের সব ফ্লাইট বাতিল করেছিল ক্যাথে, যা আগের স্থগিতাদেশকে আরো বাড়িয়েছে।

চলতি মাসে যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় অধিকাংশ রুটে জ্বালানি সারচার্জ দ্বিগুণ করেছে সংস্থাটি।

হংকং এয়ারলাইনসও মঙ্গলবার এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানি সারচার্জ বাড়িয়েছে। এর আগে, ইউরোপগামী যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় মার্চে অতিরিক্ত ফ্লাইট চালানোর কথা জানিয়েছিল ক্যাথে।

সংস্থাটি জানায়, অন্যান্য অঞ্চল থেকেও বিশেষ করে দীর্ঘপথের ফ্লাইটে চাহিদা ‘সামগ্রিকভাবে বেড়েছে’। যাত্রীরা মধ্যপ্রাচ্যের হাবনির্ভর রুটের বিকল্প খুঁজছেন।

সূত্র: বাসস