ভেনিজুয়েলা ও কলম্বিয়ার নেতাদের মধ্যে শিগগিরই বৈঠক

ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং উভয়েই ‘শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের’ বিষয়ে একমত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ |সংগৃহীত

ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং উভয়েই ‘শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের’ বিষয়ে একমত হয়েছেন।

গতকাল বুধবার তিনি এ কথা জানিয়েছেন।

নিকোলাস মাদুরো অপসারণের পর এটিই হবে দু’দেশের নেতাদের মধ্যে প্রথম বৈঠক।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী আটক হন। এরপর তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ ক্ষমতা গ্রহণ করেন এবং ওয়াশিংটনের নিবিড় নজরদারির মধ্যে তিনি দেশ পরিচালনা করছেন।

রদ্রিগেজ তার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা শিগগিরই রাষ্ট্রপ্রধান পর্যায়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছি।’

তিনি জ্বালানি ও নিরাপত্তাসহ ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

কয়েক সপ্তাহ আগে কলম্বিয়া জানিয়েছিল যে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হবে, তবে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ছিলেন মাদুরোর গুরুত্বপূর্ণ মিত্র।

শুরুতে তিনি মাদুরোর ‘অপহরণ’ ও ভেনিজুয়েলায় বোমা হামলার নিন্দা জানিয়েছিলেন।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার পর, তার অবস্থান কিছুটা নমনীয় হয়েছে।

পেত্রো সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে ভেনিজুয়েলা সফর করেন।

দু’দেশের মধ্যে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার (১ হাজার ৩০০ মাইল) দীর্ঘ ঝুঁকিপূর্ণ সীমান্ত রয়েছে। এই সীমান্ত অঞ্চলগুলোতে মাদক পাচার, অবৈধ খনন ও চোরাচালান থেকে অবৈধ মুনাফা অর্জনকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা চলে।

সূত্র : বাসস