মেক্সিকোতে বিমান দুর্ঘটনায় নিহত ৪

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্য মেক্সিকোর পুয়েবলা রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মধ্য মেক্সিকোর পুয়েবলা রাজ্যে বিমান বিধ্বস্ত
মধ্য মেক্সিকোর পুয়েবলা রাজ্যে বিমান বিধ্বস্ত |সংগৃহীত

মেক্সিকোতে বিমান দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্য মেক্সিকোর পুয়েবলা রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।

রাজ্য নিরাপত্তা দফতর অনুসারে, এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই সান্তা আনা জালমিমিলুলকোর একটি শিল্প পার্কে বিধ্বস্ত হয়।

স্থানীয় বাসিন্দা ভিসেন্তে হার্নান্দেজ জানান, বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটি ‘ইতোমধ্যেই খুব নিচুতে উড়ছিল’ এবং শেষ পর্যন্ত মাটিতে আছড়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের পোজা রিকা শহরের দিকে যাচ্ছিল।

পুয়েবলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয় এবং চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর চতুর্থজনের মৃত্যু হয়।

সূত্র: এএফপি