যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে প্রকাশিত একটি ভিডিও পুনরায় শেয়ার করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গভীর রাতে পোস্ট করা ওই ভিডিওটিকে ঘিরে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দল থেকেও নিন্দা জানানো হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে ভিডিওটি সরিয়ে নেয়া হলেও এর আগেই ভিডিওটিকে “স্পষ্টতই বর্ণবাদী” আখ্যা দিয়ে ব্যাপক প্রতিবাদ ওঠে। রিপাবলিকান সিনেটর ও বর্তমানে সিনেটে একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান টিম স্কট সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ভিডিওটি “ভুয়া” হবে—এই আশায় তিনি প্রার্থনা করছেন, কারণ এটি “এই হোয়াইট হাউস থেকে দেখা সবচেয়ে বর্ণবাদী জিনিস”। তিনি দ্রুত ভিডিওটি সরানোর আহ্বান জানান।
রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললারও ভিডিওটিকে “চরম আপত্তিকর” বলে উল্লেখ করে বলেন, এটি ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—যেভাবেই হোক গ্রহণযোগ্য নয়।
ডেমোক্র্যাটরা ভিডিওটিকে ট্রাম্পের দীর্ঘদিনের বিতর্কিত ও অসংবেদনশীল মন্তব্যের ধারাবাহিকতা হিসেবে দেখছেন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বলেন, “বারাক ও মিশেল ওবামা এই দেশের সেরা প্রতিনিধিত্ব করেন। আর ডোনাল্ড ট্রাম্প একজন কুরুচিপূর্ণ ও নিয়ন্ত্রণহীন ব্যক্তি।” তিনি রিপাবলিকান নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন।
প্রথমদিকে হোয়াইট হাউস ভিডিওটিকে একটি “ইন্টারনেট মিম” বলে দাবি করে। পরে জানানো হয়, এটি প্রেসিডেন্ট নয়, বরং একজন হোয়াইট হাউস কর্মীর ভুলে শেয়ার হয়েছিল। তবে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প নিজে কোনো ভুল স্বীকার করেননি এবং ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানান।
ভিডিওটিতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয় এবং প্রায় এক মিনিটের ভিডিওর শেষাংশে ওবামা দম্পতির বিকৃত চিত্র সংযুক্ত করা হয়। এতে ১৯৬১ সালের গান The Lion Sleeps Tonight ব্যবহার করা হয়েছে।
সমালোচকদের মতে, রাজনৈতিকভাবে অস্বস্তিকর ইস্যু থেকে দৃষ্টি সরাতেই ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এমন বিতর্ক উসকে দেন। বিশেষ করে কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশের পর এই ভিডিও নতুন করে প্রশ্ন তুলেছে।
রিপাবলিকান সিনেটর পিট রিকেটসও ভিডিওটির নিন্দা করে বলেন, “এটি যে ‘লায়ন কিং’–সংক্রান্ত মিমই হোক না কেন, একজন বিবেচক মানুষ এতে বর্ণবাদী ইঙ্গিত স্পষ্টভাবে দেখবেন।” তিনি ভিডিও অপসারণ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ভিডিওটিকে যুক্তরাষ্ট্রের জিম ক্রো যুগের বর্ণবাদী অপমানজনক চিত্রণের সঙ্গে তুলনা করে বলেন, “এই ধরনের অমানবিক উপস্থাপন রাষ্ট্রপতির মর্যাদার জন্য লজ্জাজনক।”
সূত্র: আল জাজিরা।



