আইএসএসে যেতে প্রস্তুত নাসার নতুন নভোচারী দল

পৃথিবী থেকে প্রায় ২৫০ মাইল ওপর কক্ষপথে ঘুরতে থাকা এ গবেষণাগারটি বর্তমানে মাত্র তিন সদস্যের একটি ক্ষুদ্র ক্রু দিয়ে পরিচালিত হচ্ছে। চিকিৎসাজনিত সমস্যার বিস্তারিত জানাতে নাসা অস্বীকৃতি জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চারজন নতুন নভোচারী পাঠাতে যাচ্ছে
নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চারজন নতুন নভোচারী পাঠাতে যাচ্ছে |ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) চারজন নতুন নভোচারী পাঠাতে যাচ্ছে। চিকিৎসাজনিত কারণে আগের একটি নভোচারী দলকে নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে ফিরিয়ে আনার পর এই নতুন ক্রু পাঠানো হচ্ছে।

নাসা জানিয়েছে, স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে ‘ক্রু-১২’ মিশনের উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি। স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিট) উৎক্ষেপণ উইন্ডো খুলবে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস- বিশেষ করে প্রবল বাতাস থাকায় উৎক্ষেপণ দুই দিন পিছিয়ে দেয়া হয়েছিল। জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য কৌশলগত পদক্ষেপে এসব আবহাওয়া জটিলতা সৃষ্টি করতে পারত।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে, নভোচারীরা শনিবার বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে আইএসএসে পৌঁছাবেন।

ক্রু-১২ দলে রয়েছেন মার্কিন নভোচারী জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ফরাসি নভোচারী সোফি আদেনো এবং রুশ মহাকাশচারী আন্দ্রেই ফেদিয়ায়েভ। উৎক্ষেপণের অপেক্ষায় তারা ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে কোয়ারেন্টাইনে ছিলেন।

এই দলটি ‘ক্রু-১১’-এর স্থলাভিষিক্ত হবে, যাদের একটি চিকিৎসাজনিত কারণে জানুয়ারিতে নির্ধারিত সময়ের এক মাস আগেই পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। এটিই ছিল আইএসএসের ইতিহাসে প্রথম চিকিৎসাজনিত জরুরি প্রত্যাবর্তন।

পৃথিবী থেকে প্রায় ২৫০ মাইল (৪০০ কিলোমিটার) ওপর কক্ষপথে ঘুরতে থাকা এ গবেষণাগারটি বর্তমানে মাত্র তিন সদস্যের একটি ক্ষুদ্র ক্রু দিয়ে পরিচালিত হচ্ছে। চিকিৎসাজনিত সমস্যার বিস্তারিত জানাতে নাসা অস্বীকৃতি জানিয়েছে।

নতুন ক্রু পৌঁছালে তারা ফুটবল মাঠের সমান আকারের এই মহাকাশ স্টেশনে বসবাসকারী শেষ দিকের দলগুলোর একটি হবেন। গত এক চতুর্থাংশ শতাব্দী ধরে ধারাবাহিকভাবে ব্যবহৃত আইএসএসকে ২০৩০ সালে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে প্রশান্ত মহাসাগরের একটি নির্জন এলাকায় ফেলা হবে বলে পরিকল্পনা রয়েছে।

শীতল যুদ্ধ-পরবর্তী সময়ে পশ্চিমা দেশ ও রাশিয়ার সহযোগিতার প্রতীক হিসেবে আইএসএস গড়ে উঠলেও ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পরও এটি দুই পক্ষের বিরল সহযোগিতার ক্ষেত্র হিসেবে টিকে আছে। তবে ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পুরোপুরি এড়ানো যায়নি।

গত নভেম্বরে রুশ মহাকাশচারী ওলেগ আর্তেমিয়েভকে হঠাৎ করে ক্রু-১২ মিশন থেকে বাদ দেয়া হয়। রাশিয়ার স্বাধীন গণমাধ্যমগুলো দাবি করে, তিনি মোবাইল ফোনে গোপন তথ্য পাঠাচ্ছিলেন। তবে রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানায়, তাকে অন্য দায়িত্বে স্থানান্তর করা হয়েছে। তার স্থলাভিষিক্ত ফেদিয়ায়েভ এর আগে ২০২৩ সালে ক্রু৬-এর সদস্য হিসেবে আইএসএসে কাজ করেছেন।

আট মাসের এই মিশনে চার নভোচারী মাইক্রোগ্র্যাভিটির প্রভাব মানবদেহে কিভাবে পড়ে, সে সংক্রান্ত নানা গবেষণা চালাবেন। সামুদ্রিক জীববিজ্ঞানী হিসেবে চরম পরিবেশে প্রাণী নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা জেসিকা মেয়ার এই মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোফি আদেনো হবেন মহাকাশে যাওয়া দ্বিতীয় ফরাসি নারী। এর আগে ক্লদিয়া হেনিয়ের মির মহাকাশ স্টেশনে কাজ করেছিলেন। আদেনো ১৪ বছর বয়সে হেনিয়েরের উৎক্ষেপণ দেখেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখেন। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সেদিনই আমি নিজেকে বলেছিলাম, একদিন ওটাই আমি হব।’

এছাড়া ইউরোপীয় মহাকাশ সংস্থার এই নভোচারী কৃত্রিম বুদ্ধিমত্তা ও অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে মহাকাশে স্বয়ংসম্পূর্ণ মেডিক্যাল আলট্রাসাউন্ড পরিচালনার একটি ব্যবস্থাও পরীক্ষা করবেন।

সূত্র : এএফপি