মাদাগাস্কার সাইক্লোনে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

ফেব্রুয়ারির ১০ তারিখে দ্বীপটিতে সাইক্লোন আঘাত হানার পর মোট ৫৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর ১৬ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মাদাগাস্কারের দুর্যোগ মোকাবেলা সংস্থা সোমবার জানিয়েছে, সাইক্লোন গেজানিতে বন্যা ও তীব্র বাতাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫৯-এ দাঁড়িয়েছে, আরো অনেকেই নিখোঁজ রয়েছেন।

মাদাগাস্কারের টোয়ামাসিনা থেকে এএফপি জানায়, ফেব্রুয়ারির ১০ তারিখে দ্বীপটিতে সাইক্লোন আঘাত হানার পর মোট ৫৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর ১৬ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে। পূর্ব উপকূলীয় বন্দর নগরী টোয়ামাসিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২৫ হাজার বাড়ি ধ্বংস এবং আরো ২৭ হাজার বাড়ি প্লাবিত হয়েছে। ২০০-এর বেশি শ্রেণিকক্ষ আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

সাইক্লোনটি প্রায় ২৫০ কিমি/ঘণ্টা বেগে আঘাত হেনেছে, ফলে সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়। সরকার ও আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলো উদ্ধার অভিযান চালাচ্ছে, যেখানে চীন ও ফ্রান্সও সহায়তা পাঠিয়েছে।

এর আগে এই অঞ্চলে ফেব্রুয়ারির শুরুতে ট্রপিক্যাল সাইক্লোন ফাইটিয়া আঘাত হেনে অন্তত সাতজনের মৃত্যু এবং ২০ হাজারেরও বেশি মানুষের বাস্তুচ্যুতি ঘটিয়েছিল।

পোপ চতুর্দশ লিও মাদাগাস্কারের মানুষের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন, যাদের সম্প্রতি দুইটি সাইক্লোন আঘাত করেছে।

সূত্র : এএফপি/বাসস