সুদানের মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারগুলোকে বহনকারী একটি গাড়িতে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পরিচালিত ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তর কর্ডোফান প্রদেশের রাহাদ শহরের কাছে এই হামলাটি ঘটে বলে মেডিক্যাল মনিটরিং গ্রুপ জানিয়েছে।
এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উত্তর কর্ডোফানজুড়ে মানবিক ত্রাণবহর ও জ্বালানি ট্রাকের ওপর ড্রোন হামলার পর সর্বশেষ এই হামলাটি ঘটেছে। ওই হামলার ঘটনায় কমপক্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
উত্তর কর্ডোফান রাজ্য সরকার শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সাথে যুক্ত ত্রাণবহরে হামলার নিন্দা জানিয়েছে। সেইসাথে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসঙ্ঘের সংস্থাগুলিকে আধাসামরিক গোষ্ঠী আরএসএফের নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, এল-ওবাইদে বাস্তুচ্যুত সম্প্রদায়ের কাছে সহায়তা পৌঁছে দেয়ার সময় ত্রাণবহর আক্রমণের শিকার হয়। তারা এই ঘটনাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ ও যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে।
সূত্র : আলজাজিরা



