দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে অনলাইন স্ক্যাম সেন্টার বা ইন্টারনেট প্রতারণা চক্র। সেই স্ক্যাম বা চক্র দমনে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।
জাতিসঙ্ঘ জানিয়েছে, এসব কেন্দ্রে কয়েক হাজার মানুষকে পাচার করে জোরপূর্বক শ্রম ও অমানবিক নির্যাতন করা হচ্ছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে প্রতারণা কেন্দ্রগুলোতে বন্দি থাকা ব্যক্তিদের ওপর চালানো নির্যাতন, যৌন নিপীড়ন, জোরপূর্বক গর্ভপাত, অনাহার ও নির্জন কারাবাসের মতো ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
এ বিষয়ে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, ‘নির্যাতনের এ তালিকা যেমন স্তম্ভিত করার মতো, তেমনি হৃদয় বিদারক।’
এই অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে থাকা দুর্নীতিবাজ চক্র ও সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রতিটি দেশের সরকারের প্রতি জোরালো আহ্বান জানান ভলকার তুর্ক।
উল্লেখ্য, ২০২৩ সালের এক প্রতিবেদনেও জাতিসঙ্ঘ জানিয়েছিল, হাজার হাজার মানুষকে বাধ্য করে প্রতারণা কেন্দ্রে কাজ করানো হচ্ছে। এই কেন্দ্রগুলো থেকে প্রতি বছর শত শত কোটি ডলারের অনলাইন প্রতারণা করা হয়।
সূত্র : বাসস



