যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু

‘প্রাথমিক পর্যায়ে পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান–প্রদান হবে। ইতিবাচক অগ্রগতি হলে পরবর্তী সময়ে সরাসরি আলোচনাও হতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা |সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তান সরকারের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টায় এ আলোচনা শুরু হয়। তবে বৈঠকটি কী ধরনের কাঠামোতে অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।

এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সরকারি সূত্রগুলো বিবিসি উর্দুকে জানিয়েছে, পাকিস্তান কর্তৃপক্ষ ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের চেষ্টা করছে।

সূত্রগুলো বলছে, প্রাথমিক পর্যায়ে পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান–প্রদান হবে। ইতিবাচক অগ্রগতি হলে পরবর্তী সময়ে সরাসরি আলোচনাও হতে পারে।

আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে পৌঁছায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ এপ্রিল সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন—পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।

ইরানের ওপর নিষেধাজ্ঞা মানার জন্য ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়সীমার আগে তখন মাত্র এক ঘণ্টা ২৮ মিনিট বাকি ছিল। তিনি হুমকি দিয়েছিলেন, ‘আজ রাতেই পুরো সভ্যতার অবসান ঘটবে’।

ট্রাম্প বারবার ইরানকে হরমুজ প্রণালী খুলে দেয়ার দাবি জানিয়েছেন এবং তা না হলে দেশটিকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেয়ার’ হুমকিও দিয়েছিলেন।

এই প্রেক্ষাপটে শাহবাজ শরিফ তার এক বার্তায় লেখেন, ‘গভীর বিনয়ের সাথে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি—ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সাথে লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি বলেন, ‘এই বিচক্ষণ সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই এবং দুই দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সব বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে আরো আলোচনার জন্য ২০২৬ সালের ১০ এপ্রিল শুক্রবার ইসলামাবাদে তাদের আলোচক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি।’

ইরানি প্রতিনিধিদল দাবি জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের স্থগিত সম্পদ ফেরত দেয়া না হওয়া পর্যন্ত আলোচনা শুরু করা যাবে না। বিবিসি