গ্রিসের এজিয়ান সাগরে কোস্টগার্ডের একটি জাহাজের সাথে অভিবাসীবাহী একটি নৌকার সংঘর্ষে চারজন নারীসহ ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) গ্রিসের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তুরস্কের কাছাকাছি কিওস দ্বীপের উপকূলে এ দুর্ঘটনাটি ঘটেছে।
কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নেভিগেশন লাইটবিহীন দ্রুতগতির একটি নৌকার চালক কোস্টগার্ডের সংকেতে সাড়া দেননি। নৌকাটি বিদেশী যাত্রী বহন করছিল।
বিবৃতিতে আরো বলা হয়, নৌকার চালক তার নৌকাটি ঘুরিয়ে নেন এবং এরপর সেটি কোস্টগার্ডের টহল জাহাজে আঘাত করে। সংঘর্ষের তীব্রতায় নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ ঘটনায় সমুদ্র থেকেই ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে তিনজন নারী।
জীবিত উদ্ধার হওয়া আরেকজন নারী পরে মারা যান। উদ্ধার হওয়াদের মধ্যে ১১ জন শিশু রয়েছে, তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় দু’জন কোস্টগার্ড সদস্যও আহত হয়েছেন।
সূত্র : বাসস



