ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাসায় ফিরেছেন।
গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মাথায় এ জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার পরবর্তী ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন।
বর্তমানে তানিয়া বৃষ্টি চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ।
তিনি বলেন, রোববারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। এখন তানিয়া আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বা নতুন কাজের বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে।
এদিকে তানিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে একটি বিবৃতিতে অনুরোধ জানানো হয়, আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে অভিনেত্রীর সাথে যোগাযোগ না করতে। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া বৃষ্টি নিজের অসুস্থতার খবরটি প্রকাশ করেন। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, পর দিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চান। সেই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় তার সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে যায়।



