ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর।
আজ রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
এর আগে, শনিবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
আশা ভোঁসলে ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘তিনি আর নেই। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।‘
হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানান, ৯২ বছর বয়সী এই শিল্পীর হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।
আশা ভোঁসলে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র তিনি। কয়েক দশক জুড়ে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করেছে। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক, গজল- প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন তিনি। তার গাওয়া অসংখ্য গান সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।



