আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত-ব্যাংক

রমজানজুড়ে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
রমজান উপলক্ষে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক
রমজান উপলক্ষে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক |ইন্টারনেট

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নতুন সময়সূচি অনুযায়ী চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন সূচি অনুযায়ী, রমজানজুড়ে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে সিয়াম সাধনার মাস শুরু হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন গত ১১ ফেব্রুয়ারি রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন অন্যান্য আদালতের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথকভাবে নির্ধারণ করেছে।

রমজান উপলক্ষে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। ১০ ফেব্রুয়ারি জারি করা সার্কুলার অনুযায়ী, সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা ও লেনদেন চালু রাখতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজ নিজ আইন-বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

রমজানে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।