জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে বলে সংস্থাটির নজরে এসেছে।
মঙ্গলবার (৩ মার্চ) জারি করা এক প্রেস রিলিজে এনবিআর জানায়, প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্য উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত করার চেষ্টা করছে। বিষয়টি আমলে নিয়ে আজ (৩ মার্চ) শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২৫৮।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এ ধরনের ভুয়া ইমেইল ও প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, সন্দেহজনক কোনো ইমেইল বা অর্থ দাবি সংক্রান্ত বার্তা পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে। বাসস



