জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো: আবদুর রহমান খান (এফসিএমএ) বলেছেন, রাজস্ব আদায়ে কোনোভাবেই অনিয়ম মেনে নেয়া হবে না।
তিনি বলেন, ‘আমরা শুধু নেব না, রাজস্ব আদায়ে একটা ন্যায্যতা নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তাদের সাথে বাজেট বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান কর সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, অনেকের সাথে যোগসাজসে ভুয়া লাইসেন্স দিয়ে অনেকেই ব্যবসা করছে, রাজস্ব ফাঁকি দিচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই এসব অনিয়ম মেনে নেয়া হবে না। কোনো ঝামেলা তৈরি করা যাবে না। পারলে পুরাতন ঝামেলা মেটাতে হবে।
আবদুর রহমান খান আরো বলেন, এনবিআর সবার জন্য, জনকল্যাণে কাজ করবে। সবাই মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, দেশে করদাতার সংখ্যা বাড়ছে। আরো বৃদ্ধি করতে হবে।
এছাড়া রাজস্ব বাড়াতে নতুন নতুন ক্ষেত্র খোঁজা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, অনেকেই ছোট খাটো বিষয়ে বিদেশে প্রশিক্ষণ নিতে যান। কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছুই শিখতে পারেন না। শুধু বেড়ানো আর কেনাকাটা করেন। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের অপচয় ও যথেচ্ছা ব্যবহার হয়, অন্যদিকে মূল উদ্দেশ্যও সাধিত হয় না।
এ সময় পরবর্তী জেনারেশনের ওপর ঋণের বোঝা না চাপিয়ে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সচেতন হয়ে অপচয় ও অপব্যয় রোধ করে শুধুমাত্র প্রয়োজনীয় অর্থ ব্যয়ের পরামর্শ দেন তিনি।
একইসাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ করের আওতায় এনে বদনাম থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক নীতি) মো: আজিজুর রহমান, রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মো: মুবিনুল কবীর, রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব ও খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক। বাসস



