রফতানি বাণিজ্যের নিয়মকানুন আরো শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ মূল্যের শিপমেন্টের ক্ষেত্রে রফতানিকারকরা সরাসরি আমদানিকারকের কাছে শিপিং ডকুমেন্ট পাঠাতে পারবেন।
আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক এফইপিডি-১ সার্কুলার নং-০৬-এর মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে জারি করেছে। এতে ২০২৫ সালের ৩১ জুলাই তারিখের এফই সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ১৪-এর প্রতি অনুমোদিত ডিলারদের (এডি) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যেখানে রফতানি সংক্রান্ত শিপিং ডকুমেন্ট প্রেরণের বিষয়টি উল্লেখ রয়েছে।
রফতানি বাণিজ্যকে আরো গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে অনুমোদিত ডিলাররা এখন থেকে রফতানিকারকদের বিদেশী আমদানিকারক বা অন্য কোনো মনোনীত পক্ষের নামে পরিবহন সংক্রান্ত ডকুমেন্ট ইস্যু করার অনুমতি দিতে পারবেন।
এই সুবিধা সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ মূল্যের চালানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে আমদানিকারক বা মনোনিত পক্ষের কাছে এসব ডকুমেন্ট সরাসরি পাঠানোর জন্য সংশ্লিষ্ট ক্যারিয়ার কোম্পানিকে এফই সার্কুলার নং-৩১/২০২৫-এর পরিশিষ্ট-৩ অনুযায়ী একটি সনদ প্রদান করতে হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এ সুবিধা পেতে রফতানিকারককে গত তিন অর্থবছরে মোট অন্তত ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ রফতানি আয় নিশ্চিত করতে হভে। এছাড়া সুবিধা গ্রহণের সময় সংশ্লিষ্ট রফতানিকারকের কোনো বকেয়া রফতানি আয় থাকা যাবে না।
অনুমোদিত ডিলারদের এ ধরনের চালান ব্যবস্থার ক্ষেত্রে বৈধ রফতানি আদেশ সংগ্রহ করতে হবে। একই সাথে এফই সার্কুলার নং-৩১/২০২৫-এর অনুচ্ছেদ ১৩(১) অনুযায়ী বিদেশী আমদানিকারক বা কনসাইনি সম্পর্কে যথাযথ যাচাই-বাছাই করতে হবে।
সার্কুলারে রফতানি আয় সুরক্ষিত রাখতে কয়েকটি সুরক্ষা ব্যবস্থা উল্লেখ করা হয়েছে। এ সুবিধা নিতে রফতানিকারকদের লিখিত সম্মতি দিতে হবে এবং অনুমোদিত ডিলারদের রফতানি আয় দেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পর্কে সন্তুষ্ট হতে হবে।
অনুমোদিত ডিলারদের নিশ্চিত করতে হবে যে এসব ব্যবস্থায় কোনোভাবেই রফতানি আয় দেশে ফেরত আসার প্রক্রিয়া ব্যাহত না হয়। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে রফতানি আয় দেশে ফেরত আনার জন্য কার্যকর তদারকি বজায় রাখতে হবে।
এই নির্দেশনা ৩১ জুলাই ২০২৫ সালের এফই সার্কুলার নং-৩১-এর কাঠামোর ভিত্তিতে রফতানি বাণিজ্যকে আরো সহজ করার একটি উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলারদের নির্দেশ দিয়েছে যাতে ২০২৫ সালের সার্কুলারে বর্ণিত সব বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এফইপিডি-১ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো: আবু বকর সিদ্দিক এ নির্দেশনা জারি করেন এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রফতানি লেনদেন সংক্রান্ত অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
সূত্র : বাসস


