শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শিল্পমন্ত্রী বলেন, নরওয়ে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশ শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিদেশী বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছে। তিনি নরওয়ের উদ্যোক্তাদের বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, নরওয়ে ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং শিল্প, জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তারা শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



