চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন আদালতের আদেশে দেশে প্রায় ১৪৩ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে রয়েছে ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা মূল্যের স্থাবর ও ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদ।
দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক স্বাক্ষরিত এক নথিতে এ তথ্য জানানো হয়েছে।
দুদক জানায়, ফেব্রুয়ারি মাসে আদালতের প্রাপ্ত ২৯টি আদেশের মাধ্যমে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। এর মধ্যে আদালতের ২০টি আদেশে ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে- ৫৬ দশমিক ৫৮৯১ একর জমি, ১৪টি ভবন, ২৮টি ফ্ল্যাট, ১২টি প্লট, একটি বাড়ি, দু’টি টিনসেড ঘর, একটি খেলার মাঠ, একটি স্কুল, দু’টি দোকান ও ছয়টি গাড়ি। এসব সম্পদের মোট মূল্য প্রায় দুই কোটি ১৮ লাখ ৭২ হাজার ৭৯২ টাকা (প্রদত্ত মূল্যের ভিত্তিতে)।
অন্যদিকে আদালতের ১৫টি আদেশে অবরুদ্ধ করা হয়েছে বিভিন্ন আর্থিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১৪৪টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাব, যার স্থিতি প্রায় ৫৯ কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৫ টাকা। এছাড়া বিনিয়োগ, সঞ্চয়পত্র, পে-অর্ডার, শেয়ার, এফডিআর, বিও হিসাব, প্রাইজবন্ড ও বীমা পলিসিসহ বিভিন্ন আর্থিক উপকরণ অবরুদ্ধ করা হয়েছে।
অবরুদ্ধ সম্পদের মধ্যে আরো রয়েছে একাধিক ক্রেডিট কার্ড, এসএনডি ও সিডি হিসাব এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট।
সূত্র : বাসস


