ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার খবর জানা গেছে। এদিকে পদ থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাকে বাংলাদেশ ব্যাংক থেকে বের হতে দেখা যায়। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে। আমার দুই সেকেন্ড লাগবে পদত্যাগ করতে।
পদত্যাগ করেছেন নাকি তাকে অপসারণ করা হয়েছে এমন আরেক প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ‘আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই।’
এর পর বুধবারই (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে মো: মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো: মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তাকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর আব্দুর রউফ তালুকদারের স্থলে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়া হয়েছিল।



