সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগ তুলে ধরেপ্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ চিঠি দেন। এতে হাওরাঞ্চলের চলমান সঙ্কট, কৃষকের একমাত্র ফসল হারানোর শঙ্কা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন।

চিঠির শুরুতে শিশির মনির অনিশ্চয়তার কথা উল্লেখ করে লেখেন, আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি।
তিনি আরো লেখেন, আমরা হাওর পাড়ের মানুষ। একটি মাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমত চেষ্টা করছেন কিন্তু পারছেন না।
প্রধানমন্ত্রীর প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তিনি আরো লেখেন, আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশেপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।



