দেশের মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘দেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই জনদুর্ভোগ সৃষ্টি না করে মানুষের সমস্যার সমাধানে কাজ করতে হবে।’
শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এর আগে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের নয়াপল্টনে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার দুপুরের পর থেকেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। এতে এলাকায় ব্যাপক ভিড় সৃষ্টি হয় এবং শৃঙ্খলা রক্ষা করতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি স্পষ্টভাবে নির্দেশনা দেন, কোনোভাবেই সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের কষ্ট বাড়াতে চাই না। বরং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে কাজ করতে চাই।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের প্রতি দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।


