যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
রোববার (১ মার্চ) এক বিবৃতিতে দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, ইরান একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ, এবং সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি স্পষ্ট অবজ্ঞা। বাংলাদেশ খেলাফত মজলিস এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং মনে করিয়ে দিচ্ছে যে, এমন ধরনের সহিংসতা কোনোভাবেই বৈধতা পেতে পারে না।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই দিনের সামরিক উত্তেজনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, এবং এর প্রভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সঙ্ঘাত গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন করছে এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করছে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সব সংশ্লিষ্ট পক্ষ—বিশেষত যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, বিশ্ব শান্তি রক্ষায় জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সক্রিয় ভূমিকা নিতে হবে এবং সারা বিশ্বে সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।


