একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

‘শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার শেষে জামায়াতের আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষাশহীদদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সাথে যাবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি) ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। ১১–দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সাথে অংশগ্রহণ করবেন।

এতে আরো বলা হয়, শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার শেষে জামায়াতের আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষাশহীদদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।