নগরজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মশকমুক্ত নগর গড়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘মশক নিধন কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হলে নগর প্রশাসনকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর উত্তরায় অবস্থিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে আয়োজিত মশক নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিম উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। রমজানকে সামনে রেখে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেয়া হবে এমন প্রত্যাশা থাকলেও নগরবাসী এখনো মশার উপদ্রবে চরম ভোগান্তিতে রয়েছেন। মশার উৎপাতের কারণে মানুষ সিয়াম, কিয়াম ও ইবাদত-বন্দেগিতেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তাই নগরজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অবিলম্বে কার্যকর মশক নিধন কর্মসূচি গ্রহণের বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দলীয়করণের সুযোগ দেয়া উচিত নয়। অনতিবিলম্বে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরসেবা নিশ্চিত করা প্রয়োজন।’
এতে নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনের পর হাসপাতালের সামনের এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানায়, পর্যায়ক্রমে উত্তরা এলাকার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা-পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, মহানগর মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এবং ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতারা।



