হামিদুর রহমান আযাদ

সংবিধানিক স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারো রাজপথে নেমে আসবে

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জনগণের প্রত্যাশা ও দাবি অনুযায়ী জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।’

নিজস্ব প্রতিবেদক
বক্তব্য রাখছেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
বক্তব্য রাখছেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ |নয়া দিগন্ত

অতীতের মতো সংবিধানিক স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে করা জনগণ আবারো রাজপথে নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজারের মহেশখালী দক্ষিণ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জনগণের প্রত্যাশা ও দাবি অনুযায়ী জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। সংবিধানকে অজুহাত হিসেবে ব্যবহার করে যদি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে বিলম্বিত করা হয়, তাহলে তা জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে গণবিস্ফোরণে রূপ নিতে পারে।’

তিনি আরো বলেন, ‘দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, অতীতের ন্যায় আবারো ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে।’

তিনি এসময় দেশব্যাপী জনগণের ঈদ যাত্রায় হয়রানি ও অব্যবস্থাপনারও নিন্দা জানান। তিনি যাত্রী কল্যাণ সমিতির রিপোর্টের রেফারেন্স টেনে বলেন, ‘এবছরে ঈদে যাত্রীদের হয়রানি গত ২০ বছরের সমস্ত রেকর্ড ভঙ্গ হয়েছে। সরকার জনগণের ঈদের আনন্দ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’

অনুষ্ঠানে কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী দক্ষিণ নায়েবে আমির মাস্টার আজিজুল হক, সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি আজিজুর রহমান, সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি ও মহেশখালী দক্ষিণ সেক্রেটারি আব্দুর রহিম, জেলা শিবিরের অফিস সম্পাদক জহিরুল ইসলাম ফরিদ, মহেশখালী দক্ষিণ ছাত্রশিবির সভাপতি শাহারিয়ার কাহেফ জিহাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।